ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাদক বহন ও সেবনের অভিযোগে জাবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ০১:০২, ২ জানুয়ারি ২০২৫
মাদক বহন ও সেবনের অভিযোগে জাবির ৪ শিক্ষার্থী বহিষ্কার
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদকদ্রব্য বহন ও সেবনের ঘটনায় প্রক্টরিয়াল টিমের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ৩ ছাত্র ও ১ ছাত্রীকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮’ অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ ঘটনার অধিকতর তদন্তে শহিদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্ম দিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) রাত পৌনে ১২টায় জনসংযোগ দফতর প্রেরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো. শিপন হোসেন ও সতীর্থ বিশ্বাস বাঁধন এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী হ্রই মুইং স্যাং মারমা ও কৃষন চন্দ্র বর্ম্লন।

Advertisement

এর আগে, গত ৩১ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১টার সময় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পূর্বদিকে প্রথমে এই বিশ্ববিদ্যালয়ের ২ জন ছাত্রীর সঙ্গে বহিরাগত ২ জন ছাত্রীর একটি গ্রুপ মাদক (অ্যালকোহল) পানরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হাতে ধরা পড়ে। 

অপরদিকে দ্বিতীয় আরেকটি গ্রুপ পূর্বে উল্লিখিত স্থানেই এক লিটার অ্যালকোহলসহ এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ও একজন ছাত্রীর সঙ্গে বহিরাগত তিনজন (২ জন ছাত্র ও ১ জন ছাত্রী) শিক্ষার্থীসহ প্রক্টরিয়াল টিমের হাতে ধরা পড়ে। প্রক্টরিয়াল টিমের সদস্যদের নিয়মিত টহলের সময় মাদকদ্রব্যসহ (অ্যালকোহল) তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। প্রক্টরিয়াল টিম উভয় গ্রুপের শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত বক্তব্য গ্রহণ করে এবং বহিরাগত শিক্ষার্থীদেরকে আশুলিয়া থানায় পুলিশের কাছে সোপর্দ করে।
 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!