ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি যত

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ২৭ ডিসেম্বর ২০২৪
চবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি যত
ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১ জানুয়ারি ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে। এবার প্রতিটি ইউনিট ও উপ-ইউনিটের আবেদন ফি ১ হাজার টাকা। অনলাইনের মাধ্যমে এ আবেদন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট বা উপ-ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রতি ইউনিট ও উপ-ইউনিটে আবেদন ফি (প্রসেসিং ফিসহ) এক হাজার টাকা। ভর্তিচ্ছুদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট https://admission.cu.ac.bd-এ প্রচারিত ‘অনলাইনে আবেদন প্রক্রিয়া’ অনুসরণ করে আবেদন সম্পন্ন করে ফি পরিশোধ করতে হবে।

Advertisement

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন:১ জানুয়ারি বেলা ১১টা থেকে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে করা যাবে। ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

আবেদনের যোগ্যতা:বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ বা ২০২২ সালের মাধ্যমিক/দাখিল/সমমান পরীক্ষা এবং ২০২৩ বা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সে হিসেবে এবার সেকেন্ড টাইম থাকছে। আবেদনকারী ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ইউনিট বা উপ- ইউনিট/অনুষদ/বিভাগ/ইনস্টিটিউট/বিষয়ে ভর্তির নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

এ, বি, বি১, বি২, সি, ডি ও ডি১ ইউনিট ও উপ-ইউনিটের মাধ্যমে ভর্তি নেয়া হবে। জিসিই ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সমমানের বিদেশি সার্টিফিকেটধারীদের ক্ষেত্রে: যেসব আবেদনকারী ২০২১ বা ২০২২ সালের জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় এবং ২০২৩ বা ২০২৪ সালের জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং যাদের ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ন্যূনতম যোগ্যতা রয়েছে তারা সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন।

এ ক্ষেত্রে সমতা নিরূপণ ফি বাবদ ১ হাজার টাকা পরিশোধ করে সমতা সনদ গ্রহণের প্রক্রিয়া ১ থেকে ১২ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। সমতা নির্ধারণ সম্পন্ন হয়ে যোগ্য বিবেচিত হলে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করে যথানিয়মে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট https://admission.cu.ac.bd-এ পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহীতে ঘোষিত কেন্দ্ৰ বা কেন্দ্ৰসমূহে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও ডি১ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আবেদনকারী কোন বিভাগীয় শহরে পরীক্ষা দিতে ইচ্ছুক, আবেদন করার সময় ১ম, ২য় ও ৩য় পছন্দের অপশনে সঠিকভাবে নির্বাচন করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: চবি
লিংক সফলভাবে কপি হয়েছে!