মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভাতা বাড়ানোর বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের বিদ্যমান মাসিক পারিতোষিক ভাতার হার বিদ্যমান ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো। যা আদেশ জারির তারিখ থেকে প্রযোজ্য হবে।
.png)
তবে বর্তমান বাজারদরের প্রেক্ষাপটে এ বৃদ্ধি তাদের জীবন মানে তেমন প্রভাব ফেলবে না জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন চিকিৎসকরা।
ট্রেইনি চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট অব জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন গণমাধ্যমকে বলেন, ভাতা বৃদ্ধির দাবিতে যতবার রাস্তাতে নামি ততবার পাঁচ হাজার টাকা বাড়ানো হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ৩০ হাজার করা হয়েছে। এটা আমরা প্রত্যাখ্যান করেছি।
আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের ভাতা ৫০ হাজার টাকা না করা হলে আগামী রোববার (২৯ ডিসেম্বর) শাহবাগে মহাসমাবেশ এবং অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।