ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নের

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ২৩ ডিসেম্বর ২০২৪
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নের
ছবি: ডেইলি বাংলাদেশ

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জারিকৃত সান্ধ্য আইন বাতিলের দাবি জানিয়েছে শাখা ছাত্র ইউনিয়ন।

সোমবার (২৩ ডিসেম্বর) সংগঠনটির দফতর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে, গত ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের ১৪০তম সভায় ঘোষিত সান্ধ্য আইন সম্পর্কে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। উক্ত আইনে ছাত্রদের জন্য রাত ১১টার মধ্যে হলগেট বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়াও মাগরিবের নামাজের ১৫ মিনিটের মধ্যে ছাত্রীদের হল বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এই আইন শিক্ষার্থীদের মৌলিক স্বাধীনতা ও তাদের জীবনযাত্রাকে সীমাবদ্ধ করার আশঙ্কা সৃষ্টি করেছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সব সময় শিক্ষার্থীদের স্বাধীনতা এবং অধিকার রক্ষায় কাজ করে আসছে। কোনো ধরনের শৃঙ্খলা বা নীতির নামে শিক্ষার্থীদের স্বাধীনতা হরণের সিদ্ধান্ত গ্রহণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। 

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি বিশ্ববিদ্যালয় যাতে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা, মতপ্রকাশ এবং নিজেদের জীবনযাত্রা পরিচালনা করতে পারে, সে ধরনের পরিবেশ তৈরি করা উচিত। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদ্য ঘোষিত সান্ধ্য আইন শিক্ষার্থীদের স্বাধীনতাকে সংকুচিত করবে এবং একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করবে।’

তারা আরো বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানাই, দ্রুত সময়ের মধ্যে এই আইন বাতিল করতে হবে। এবং শিক্ষার্থীদের মতামত ও স্বার্থের প্রতি আরো যত্নবান হতে হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ আগামী দিনে এই আইন বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে সব ধরনের শান্তিপূর্ণ আন্দোলন ও প্রতিবাদ অব্যাহত রাখবে।’

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছে, যেন তারা এই বিষয়ে আরো সচেতন থাকে এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!