দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।
প্রশাসন ভবনের সামনে বিএনসিসি প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী। তাদের সঙ্গে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
.png)
এদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রশাসন ভবনের সামনের চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনের পর উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারের উপস্থিতিতে ডিনবৃন্দসহ সব অনুষদ, হল, বিভাগ এবং সব পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, বিভিন্ন পরিষদ ও ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে এক আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলা’য় সমবেত হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ‘মুক্ত বাংলা’য় প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার। প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, বিভিন্ন পরিষদ ও ফোরাম, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাংবাদিক সংগঠনসমূহ পর্যায়ক্রমে ‘মুক্ত বাংলা’য় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি শেষে শহিদ জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তরে শ্রদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।