ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন তিতুমীরের শিক্ষার্থীরা

তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ২ ডিসেম্বর ২০২৪
ফের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন তিতুমীরের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

৪৮ ঘণ্টার মধ্যে ৩ দফা দাবি না মানলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। 

সোমবার (২ ডিসেম্বর) সকালে তিতুমীর কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিতুমীর কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাব্বী বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ে যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। কমিটি প্রকাশের পর ৩ কর্মদিবসের মধ্যে তিতুমীর কলেজে এসে সরজমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে। কমিটি প্রকাশের ১৫ দিনের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে।

Advertisement

শিক্ষার্থীদের দাবি, গত ১৮ নভেম্বর আলোচনায় তিতুমীরকে বিশ্ববিদ্যালয় গঠনের জন্য একটি শক্তিশালী কমিটি করার সিদ্ধান্ত হয়। যা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়ার কথা ছিল। পরে তা প্রকাশে তালবাহানা শুরু হয়। এর প্রতিবাদে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নামে। পরে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেন যে, ১৯ নভেম্বর প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বসে আমাদের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
এরপর ১৯ নভেম্বর পুনরায় আলোচনা হয়। যেখানে উপস্থিত শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম সিদ্ধান্ত দেয় যে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাইয়ে একটি পৃথক কমিটি হবে। এই কমিটি গঠনের জন্য ৭ দিন সময়ের কথা বলেন নাহিদ ইসলাম। 

কিন্তু ৭ দিন অতিবাহিত হওয়ার পরও তারা কমিটি করার বিষয়ে কোনো আপডেট দেওয়া হয়নি। সময় শেষ হওয়ার পর শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর ব্যক্তিগত সহকারী মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র জানান, কমিটি করা হয়েছে এবং সংশ্লিষ্টদের অনুলিপি দেওয়া হবে। কিন্তু সেই অনুলিপি এখনো শিক্ষার্থীদের কাছে এসে পৌঁছায়নি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!