সোমবার (২৫ নভেম্বর) বেলা ১টার দিকে নতুন প্রশাসনিক ভবনের ফটকে তালা লাগিয়ে দেন বিভাগের শিক্ষার্থীরা। এই প্রতিবেদন লিখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, চারুকলা বিভাগের ভবন নির্মাণের কাজ কয়েক দিন পরপর বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু প্রশাসন উল্লেখযোগ্য কোনো কারণ দেখাতে পারছে না। বিভাগের ক্লাসরুম–সংকটের কারণে তারা ঠিকমতো ক্লাস-পরীক্ষা দিতে পারেন না। চলতি বছর চারুকলা ভবন নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু সরকার পতনের পর একদল শিক্ষার্থী তাদের ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেন। দ্রুত ভবন নির্মাণকাজ আবার শুরুর দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
.png)
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, সরকার পতনের পর একদল শিক্ষার্থী চারুকলা ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেন। এরপর ৩১ অক্টোবর একদল শিক্ষার্থী প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন এবং ভবন নির্মাণ স্থগিতের দাবি জানান। পরে এক প্রশাসনিক সভা থেকে সাময়িকভাবে ভবন নির্মাণ বন্ধের সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের অফিস সময় শেষ হলেও শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসনিক ভবন থেকে বের হতে পারছেন কেউই। শেষ খবর পাওয়া পর্যন্ত উপাচার্য ভবন হতে বেরিয়ে গেলেও উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), ট্রেজারার, রেজিস্টার, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ২০/২৫ জন রেজিস্ট্রার বিল্ডিংয়ে অবরুদ্ধ রয়েছেন। প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বুঝিয়ে কর্মসূচি তুলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।