ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাহাঙ্গীরনগরে ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ২৪ নভেম্বর ২০২৪
জাহাঙ্গীরনগরে ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে জাবি প্রশাসন

 


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে ‘জাহাঙ্গীরনগর শাটডাউন’ কর্মসূচি থেকে সরে এসেছেন আন্দোলনরত জাবি শিক্ষার্থীরা। খুলে দেওয়া হয়েছে রেজিস্ট্রার ভবনের তালা।

Advertisement

৫৩ ব্যাচের শিক্ষার্থীরা বলেছেন, রাচি হত্যার ঘটনায় জড়িত অটোরিকশা চালককে গ্রেফতার না করা পর্যন্ত তারা ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না।

গত ১৯ নভেম্বর নিজ ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাস ছিল, শুক্রবার ও শনিবারের মধ্যেই জড়িত অটোরিকশা চালককে গ্রেফতার করা হবে। কিন্তু অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় রোববার ক্লাস পরীক্ষা বর্জন করে ‘জাহাঙ্গীরনগর শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা।

রোববারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসসহ ৩৭টি একাডেমিক ভবনে তালা দিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় অবিলম্বে জড়িতদের গ্রেফতারসহ মোট ১১ দফা দাবি পেশ করেন তারা। পরে দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ, শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যরা। পরে তারা তদন্তের অগ্রগতি অবহিত করেন আন্দোলনরতদের।

এ সময় প্রায় ঘণ্টাখানেক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা আশ্বাস দেন যে, শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে মঙ্গলবারের মধ্যে ক্যাম্পাসে সিসিটিভি ও ল্যাম্পপোস্ট স্থাপন করা হবে। একই সঙ্গে রাচির মৃত্যুর ঘটনায় জড়িত অটোরিকশা চালককে দ্রুত গ্রেফতার করা হবে।

পরে বেলা দেড়টা নাগাদ শাটডাউন কর্মসূচি থেকে সরে আসেন শিক্ষার্থীরা। খুলে দেওয়া হয় রেজিস্ট্রার অফিসের মূল ফটকের তালা। তবে ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা জানান, অভিযুক্তকে গ্রেফতারের আগ পর্যন্ত তারা ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না।

অন্যদিকে দাবি পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!