জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাখার নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক জুনায়েত শেখ।
রোববার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা মাঠ) ইংরেজি ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় কিছু সময় পরে সেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং নতুন করে মারামারি শুরু হয়।
এ সময় ঘটনাটি ভিডিও করতে যান সাংবাদিক জুনায়েত শেখ। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে অতর্কিতভাবে আক্রমণ করেন এবং তার মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।
হামলায় বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন সাংবাদিক জুনায়েত। পরে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ এবং স্বাভাবিক রয়েছে।