জাইমুনের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। তিনি ফুলপুরের পয়ারির গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেছেন। পরে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করতে ভর্তি হন বাকৃবি চত্বরের কেবি কলেজে। দুই ভাই-বোনের মধ্যে জাইমুন ছোট। ২০১৮ সালে জাইমুনের বাবা মোবারক হোসেন মারা যান। বাবা মারা যাবার পর পরিবার ও পড়াশোনার সমর্থন দিয়েছেন জাইমুনের দাদা আবু তালেব সাহেব।
জাইমুন ইসলাম বলেন, সত্যি বলতে আমার দাদার সমর্থন-অনুপ্রেরণা আমাকে এখানে নিয়ে এসেছে। নিঃস্বার্থভাবে একজন মানুষ এতো কিছু করতে পারেন সেটা বাস্তবিক পক্ষে আমি তার সংস্পর্শে থেকেই দেখেছি। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মত ভাষা আমার জানা নেই।
.png)
জাইমুন বলেন, উচ্চ মাধ্যমিকে জিপিএ ৫ পেলেও ইংরেজিতে পেয়েছিলাম এ মাইনাস। আমাকে নিয়ে সবার প্রত্যাশা ছিল অনেক। তাই এ ফলাফলে কেউ খুশি হতে পারেনি। তার ওপর রয়েছে আশপাশের মানুষের নানা কথা। সবকিছু মিলিয়ে আমার মধ্যে একটা বিষণ্ণতা কাজ করতে শুরু করে। সেজন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো পজিশনে চান্স পাইনি। এক সময় আমার মধ্যে অপরাধবোধ কাজ করতে শুরু করে। আমার জন্য দাদা এতো কিছু করছেন আর তাকে খুশি করতে পারলাম না।