ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির মধ্যেই আলাদা ব্যবস্থাপনায় থাকবে ‘সাত কলেজ’

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ৩১ অক্টোবর ২০২৪
ঢাবির মধ্যেই আলাদা ব্যবস্থাপনায় থাকবে ‘সাত কলেজ’
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তই রাখা হচ্ছে ঢাকার বড় সাতটি কলেজ। তবে এ কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুরোপুরি আলাদা ব্যবস্থায় রাখা হবে। কলেজগুলোকে দেখভালের জন্য আলাদা রেজিস্ট্রারসহ অন্য কর্মকর্তা–কর্মচারীও থাকবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে এই সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক করেছেন। সেখানেই সিদ্ধান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই একটি জায়গা ঠিক করা হবে, যেখানে সাত কলেজের প্রশাসনিক কাজকর্মগুলো করা যায়। তাদের বিষয়টি আলাদাভাবে দেখা হবে, আলাদা রেজিস্ট্রারসহ সুনির্দিষ্ট কর্মকর্তা–কর্মচারী থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

শফিকুল আলম বলেন, তারা আশা করছেন এ সিদ্ধান্তের ফলে আন্দোলন আজ থেকে শেষ হয়ে যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এর আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ছিল। এই সাতটি কলেজ নিয়ে নানা ধরনের সমস্যা বিরাজ করছে। সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এখন আন্দোলন কর্মসূচি পালন করছেন এসব কলেজের শিক্ষার্থীরা। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হলো।
 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!