ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নবীনদের বরণে রাবিতে ছিল নানা আয়োজন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৭, ৮ অক্টোবর ২০২৪
নবীনদের বরণে রাবিতে ছিল নানা আয়োজন
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনব্যাপী নানা আয়োজনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। 

মঙ্গলবার (৮ অক্টোবর) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে সাফিন আহমেদ তার অনুভূতি প্রকাশ করে বলেন, মনে অঢেল উত্তেজনা, কেউ আবার ভাবছে কীভাবে এখানে চান্স পেলাম? আসলে এই উত্তেজনা আমাদের মনের মধ্যে আজীবন স্মৃতি হয়ে থেকে যাবে। এই বিশ্ববিদ্যালয় আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা মঞ্চ। আমাদের উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জন নয়, পাশাপাশি নিজেকে নতুন করে আবিষ্কার করা। 

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ছাত্র পরিচয়টা অতি গুরুত্বপূর্ণ। কারণ ছাত্র পরিচয়ের সঙ্গে একটা অসাধারণ দৃষ্টিভঙ্গি জড়িত থাকে। ছাত্ররা শিখে এবং শেখার যে আনন্দ অর্থবহ জীবনে আর কিছু নেই। আমাদের প্রত্যেকের উচিত আজীবন এই ছাত্রত্ব বজায় রাখা। পৃথিবীতে যত রকমের আনন্দ আছে, তার মধ্যে সবচেয়ে বড় আনন্দ হলো নতুন কিছু শেখা ও সেগুলো বোঝা। আর এটিই একটা মানুষের জীবনকে সমৃদ্ধ করে। যতদিন পর্যন্ত একটা মানুষ শেখে ততদিন তার কোনো বার্দ্ধক্য নাই। যেদিন থেকে মানুষ নতুন কিছু জানতে বুঝতে ও চিন্তা করতে ভুলে যায়, সেদিনই সে বার্দ্ধক্য। 
 
সভাপতির বক্তব্যে অবাইদুর রহমান প্রামাণিক বলেন, ভর্তি যুদ্ধ শেষে তোমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েছ। আশা করি, তোমাদের সামনের পথচলা সুন্দর হবে। শিক্ষক ও শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে। শিক্ষক যেমন ভালো ছাত্র তৈরি করে তেমনি ছাত্ররাও ভালো শিক্ষক তৈরিতে সহায়ক ভূমিকা রাখে। আমাদের পড়তে হবে, যদি আমরা নাই পড়ি তাহলে শিখতে পারব না। আর এর জন্য আমাদের লাইব্রেরি রয়েছে যা এরই মধ্যে ডিজিটাল লাইব্রেরি হয়ে উঠেছে। আশা করি, তোমরা লাইব্রেরিকে সঠিক ব্যবহার করবে।

অনুষ্ঠানে এছাড়াও প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা আমিরুল ইসলাম কনক, জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারসহ বিভিন্ন অনুষদের অধিকর্তাগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!