ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
রাজশাহী বিশ্ববিদ্যালয়

যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটিসহ তিন পদে নতুন নিয়োগ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৪
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটিসহ তিন পদে নতুন নিয়োগ
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক নতুন ‘অভিযোগ কমিটি’গঠনসহ রাকসুর কোষাধ্যক্ষ, ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের পরিচালক এবং ছাপাখানার প্রশাসক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। 

রোববার (২৯ সেপ্টেম্বর) জনসংযোগ দফতর থেকে পাঠানো পৃথক চারটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

‘অভিযোগ কমিটি’র সভাপতি হয়েছেন- হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক দিল আরা হোসেন এবং সদস্যসচিব সমাজকর্ম বিভাগের অধ্যাপক সৈয়দা আফরীনা মামুন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক এবিএম হামিদুল হক, অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম, অ্যাডভোকেট শিফাত জেরিন তুলি, অ্যাডভোকেট সালেহ পারভীন ডলি এবং নিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. রুস্তম উদ্দিন আহমেদ। গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৫৩৩তম সিন্ডিকেট সভার ১৭ নম্বর সিদ্ধান্তে এই কমিটি গঠন করা হয়।

Advertisement

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষ হিসেবে আরবি বিভাগের অধ্যাপক ড. সেতাউর রহমান, ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের (আইবিএসসি) পরিচালক হিসেবে অধ্যাপক ড. পারভেজ হাসান এবং ছাপাখানার নতুন প্রশাসক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ নিয়োগ পেয়েছেন। উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তাদেরকে এই নিয়োগ দেন।

রাকসুর নবনিযুক্ত কোষাধ্যক্ষ ড. সেতাউর রহমান আরবি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১১ সালে তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সালে প্রভাষক হিসেবে আরবি বিভাগে যোগ দেন ও ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। দেশবিদেশে ২০টি প্রবন্ধ বিভিন্ন জার্নালে ও ২টি গ্রন্থ প্রকাশিত হয়েছে তার।

রাবি ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের পরিচালক অধ্যাপক ড. পারভেজ হাসান প্রাণরসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৬ সালে একই ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে সহকারী অধ্যাপক হিসেবে রাবি আইবিএসসিতে যোগ দেন ও ২০১০ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

অন্যদিকে ছাপাখানার প্রশাসক অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। রাবি থেকে তিনি ২০০০ সালে এমফিল এবং ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০২ সালে প্রভাষক হিসেবে রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগ দেন ও ২০১৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!