সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহিদ মিনার হয়ে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূরে তামিমের সঞ্চালনায় বক্তব্য দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী।
.png)
তিনি বলেন, 'বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনোভাবেই সম্প্রীতির সম্পর্ক নয়। ভারত যুক্তিসংগত পানি হিস্যা চুক্তি না মেনে, আমাদের প্রয়োজনীয় সময়ে তিস্তা ও ফারাক্কা বাঁধসহ সবগুলো বাঁধের পানি বন্ধ করে দিয়ে ফসলের ক্ষতি করে। আবার অপ্রয়োজনীয় সময়ে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে দেয়। তারা সীমান্তে মানুষকে নির্মমভাবে হত্যা করে। গত দুই সপ্তাহে দুইজনকে হত্যা করেছে। গত সপ্তাহে স্বর্ণা দাস এবং আজকে জয়ন্ত কুমার।'
তিনি আরো বলেন, 'ছাত্র-জনতা কি সীমান্তে আমাদের ভাই-বোনদের লাশ দেখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ত বিসর্জন দিয়ে ক্ষমতায় বসিয়েছে? যখন এ দেশের শিশুদের লাশ কাঁটাতারে ঝুলে থাকে তখন পররাষ্ট্র উপদেষ্টা আসলে কি করেন? মোদীর সরকার বাংলাদেশের মানুষকে যে মানুষ মনে করে না সেটি বোঝা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। অবিলম্বে বাংলাদেশ-ভারতের সমস্ত অসম চুক্তি পুনঃসংস্কার করতে হবে।'
প্রসঙ্গত, রোববার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিংহ (১৫) নিহত হন। এ ঘটনায় মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলী নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন।