ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কুমিল্লা অভিমুখে ‘ইনকিলাব মঞ্চ’র লংমার্চ কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:২১, ৫ সেপ্টেম্বর ২০২৪
কুমিল্লা অভিমুখে ‘ইনকিলাব মঞ্চ’র লংমার্চ কাল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ইনকিলাব মঞ্চের’ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ চত্বর থেকে কুমিল্লার অভিমুখে ছাত্র-জনতার লংমার্চ অনুষ্ঠিত হবে।

কর্মসূচি অনুযায়ী শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় শাহবাগ চত্বর থেকে রওনা করে যাত্রাবাড়ী এলাকায় পথসভা করে কুমিল্লার উদ্দেশে রওনা করবে সংগঠনটি। 

দুপুর ১টায় চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় পথসভা ও  জুমার নামাজ আদায় করে ২টা ৩০ মিনিটে কুমিল্লার টাউন হল মাঠের মঞ্চে উপস্থিত হবে ইনকিলাব মঞ্চ। কুমিল্লার টাউন হল মঞ্চে দেশাত্ম্যবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হবে। পরে বেলা ৩টায় কুমিল্লা শহরের রাজগঞ্জ ও মোগলটলী প্রদক্ষিণ করে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হবে।

Advertisement

জানা গেছে, ভারতের পানিসন্ত্রাসের প্রতিবাদে এবং আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ ও একতরফা সব বাঁধ উচ্ছেদের দাবিতে ঢাকা থেকে কুমিল্লা অভিমুখে ছাত্র-জনতার এ লংমার্চ অনুষ্ঠিত হবে।

লংমার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম মুহা সাদদানী। 
কুমিল্লা অভিমুখে যাওয়ার জন্য ১০টি ট্রাক এবং নিজস্ব পরিবহন ব্যবহার করা হবে।

ভারতের পানিসন্ত্রাসের প্রতিবাদে ইনকিলাব মঞ্চ ৫ দফা দাবি দিয়েছে। সেগুলো হলো— 

১. অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া।
২. জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন ১৯৯৭-এ অতিসত্বর অনুস্বাক্ষর করা। এ কনভেনশন অনুযায়ী ভাটির দেশ হিসেবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানের দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করা।
৩. আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়নের উদ্যোগ নেয়া।
৪. ৫৪টি আন্তঃসীমান্ত নদীর অববাহিকাভিত্তিক পানিবণ্টনে সব পন্থাকে অন্তর্ভুক্ত করা।
৫. ভারতের সব অবৈধ বাঁধ উচ্ছেদের দাবিতে আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জুনিয়র সহ-সমন্বয়কদের নিয়ে ইনকিলাব মঞ্চ গঠিত। তবে সংগঠনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালন করছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!