ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পদত্যাগ করলেন ভিকারুননিসার অধ্যক্ষ

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ২১:২২, ১১ আগস্ট ২০২৪
পদত্যাগ করলেন ভিকারুননিসার অধ্যক্ষ
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরীসহ দুই শিক্ষক পদত্যাগ করেছেন। রোববার দুপুর আড়াইটার দিকে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে তারা পদত্যাগপত্রে সই করেন।

পদত্যাগ করা অন্যজন হলেন সিনিয়র শিক্ষক ফারহানা খানম।

ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ও শিক্ষার্থীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে, সকালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি এবং দুর্নীতির অভিযোগ তুলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর পদত্যাগের দাবিতে রাজধানীর বেইলি রোডে স্কুলের মূল ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন কয়েকশ শিক্ষার্থী-অভিভাবক। একই সঙ্গে স্কুলের পদার্থবিজ্ঞানের সিনিয়র শিক্ষক ফারহানা খানমসহ গভর্নিং বডির পদত্যাগের একদফা দাবি জানিয়েছেন তারা।

জানতে চাইলে অধ্যক্ষ কেকা রায়চৌধুরী বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান রেখে পদত্যাগ করছি।

ফারহানা খানম বলেন, আমাকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে। আমি স্বেচ্ছায় পদত্যাগ করিনি।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ কেকা রায় চৌধুরী ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ফারহানা খানম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের হামলার সময় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় দিতে সাহায্য করেননি। উল্টো তাদের টিসি দেওয়া এবং হেনস্তা করার হুমকি দেন। তাদের বিরুদ্ধে কলেজে অভ্যন্তরীণ দুর্নীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এ জন্য তাদের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!