ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

২০ জুলাইয়ের মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন চায় কুবি শিক্ষকরা

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ২২ জুন ২০২৪
২০ জুলাইয়ের মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন চায় কুবি শিক্ষকরা
ছবি: ডেইলি বাংলাদেশ

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্ব বিবেচনায় আগামীকাল (২৩ জুন) ক্লাসে ফিরবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকরা। পাশাপাশি তাদের দাবি আদায়ের আগ পর্যন্ত শিক্ষকরা দুই ঘণ্টার কর্মবিরতিও পালন করবে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে শিক্ষকদের দাবিগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন চেয়েছেন তারা। এর ব্যতিক্রম হতে আবারো আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষক সমিতি।

শুক্রবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২০ জুন অনলাইন প্লাটফর্ম জুমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত সাধারণ সভায় শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে চারটি সিদ্ধান্ত নেয়া হয়। 

Advertisement

সিদ্ধান্তগুলো হলো- আগামী ২৩ জুন থেকে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্ব বিবেচনায় নিয়ে শিক্ষকরা শ্রেণি কার্যক্রমে (ক্লাস, পরীক্ষা ইত্যাদি) অংশগ্রহণ করবেন। তবে শিক্ষকদের দাবিসমূহের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি চলমান থাকবে। এই সময়ে শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিসহ অন্যান্য প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। তবে চূড়ান্ত পরীক্ষাসমূহ উক্ত কর্মসূচির আওতামুক্ত থাকবে। 

উল্লেখ্য, শিক্ষার্থীদের পাঠ কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে শনিবার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে শ্রেণিশিক্ষকদের অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনার অনুরোধ করা হচ্ছে।

শিক্ষক সমিতির দাবিসমূহ সিন্ডিকেট কর্তৃক পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষকবৃন্দ সব ধরনের প্রশাসনিক কার্যক্রমে (অ্যাকাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট ও অন্যান্য সভায়) সক্রিয় অংশগ্রহণ থেকে বিরত থাকবেন।

এছাড়া সভায় আরো সিদ্ধান্ত হয়, নিয়োগ ও পদোন্নতি নীতিমালার অসংগতি দূরীকরণ, স্থায়ীকরণে অন্যায্য শর্ত বাতিল করে সবার জন্য গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন, মেধাবী শিক্ষার্থীদের বঞ্চিত করে অপেক্ষাকৃত কম মেধাবী ও অযোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদানের লক্ষ্যে বিতর্কিত ও দুরভিসন্ধিমূলক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলকরণ শিক্ষক সমিতির দাবিসমূহের সিন্ডিকেট কর্তৃক পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সব ধরনের নতুন নিয়োগ (শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী) কার্যক্রম বন্ধ থাকবে। তবে অভ্যন্তরীণ (শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী) পদোন্নতি/আপগ্রেডেশন চলমান থাকবে।

শিক্ষক সমিতির দাবিসমূহ আগামী ২০ জুলাইয়ের মধ্যে সিন্ডিকেট কর্তৃক পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে এবং দাবি আদায়ে ভবিষ্যতে কোনো ধরনের প্রহসনের আশ্রয় গ্রহণ করা হলে শিক্ষকগণ সাধারণ সভা আহ্বানের মাধ্যমে পুনরায় পূর্বের ন্যায় সর্বাত্মক আন্দোলন ও লাগাতার কর্মসূচি গড়ে তুলবেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: কুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!