ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পবিপ্রবিয়ানদের বিশ্বকাপ উন্মাদনা

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি
প্রকাশিত: ১৮:১২, ১০ জুন ২০২৪
পবিপ্রবিয়ানদের বিশ্বকাপ উন্মাদনা
ছবি: ডেইলি বাংলাদেশ

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। শিশু থেকে বৃদ্ধ, যুবক-যুবতী, ছাত্র-ছাত্রী কারো বিশ্বকাপ নিয়ে উন্মাদনার কমতি নেই। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষার্থীরাও সেই উন্মাদনার বাইরে না। পবিপ্রবিয়ানদের উন্মাদনার ভাবনাগুলো তুলে ধরেছেন- ডেইলি বাংলাদেশের পবিপ্রবি প্রতিনিধি জান্নাতীন নাঈম জীবন।

দেশকে সাপোর্ট দিতে সবসময় প্রস্তুত

Advertisement

আমাদের আবেগ, আমাদের অন্তরের অনুভূতিতে মিশে গেছে ক্রিকেট। ক্রিকেট শব্দটার সঙ্গে উঠে আসে আমার দেশের নাম। হাজারো কষ্ট, ক্ষোভ, মান-অভিমান জন্মে থাকা সত্ত্বেও যখনই বাংলাদেশ মাঠে নামে তখনই মনের অজান্তেই বলে উঠি সেই চিরচেনা সুর- ‘দেশ- দেশ- দেশ- সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে, আমার বাংলাদেশ। 

এবারের বিশ্বকাপে ২০ দল অংশগ্রহণ করেছে। উগান্ডা, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে একটি শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়েছে। বিষয়টি অবাক করার মতো ছিল, সঙ্গে উপভোগযোগ্যও ছিল। আমার কাছে মনে হয়, এরকম অঘটন না ঘটলে টুর্নামেন্ট আসলে জমে না। 

আমাদের জন্য খুশির সংবাদ বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে সুপার-৮ এ যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। এই জয়ে দেশের প্রতিটি মানুষ খুশি। দেখা যাক, সামনে কি হয়। তবে বাংলাদেশকে সাপোর্ট দিতে আমরা সবসময় প্রস্তুত। ম্যাচে হৃদয়, মোস্তাফিজ, মাহামুদুল্লাহ, রিশাদ এবং তাসকিনরা ভালো চেষ্টা করছে তবে সাকিব, সৌম্য, শান্ত, লিটনদের আরো একটু মনোযোগী হওয়া দরকার বলে আমার মনে হয়। তাহলেই হয়ত ভালো কিছুর আশা রাখতে পারি। আর যা কিছুই ঘটুক আমার দেশের জন্য শুভকামনা সবসময় থাকবে।

সানজিদা ইসলাম ঊষা, 
নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদ


খেলাটা উপভোগ্য হোক

বিশ্বকাপে প্রতিটি দলের কাছে চাইব দুর্দান্ত কিছু ম্যাচ। সেটা বাংলাদেশ হোক, ভারত হোক, কিংবা পাকিস্তান। যারাই জিতুক, যেন প্রতিদ্বন্দ্বিতা করে জেতেন। বাংলাদেশ দলে আমার বেশ কয়েকজন প্রিয় খেলোয়াড় আছেন। বিশেষ করে, বলব তাওহিদ রিদয়, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসানের কথা। বাংলাদেশ দলের কাছে খুব বেশি প্রত্যাশা করাটা মুশকিল। তারা এমন সব ম্যাচ হারে যে মন ভেঙে যায়। তবু নিজের দেশ, স্বপ্ন দেখতে তো ইচ্ছা করেই। এখনো স্বপ্ন দেখি বাংলাদেশই কাপ নেবে। না হলে অন্তত এশিয়ার কোনো দেশ কাপ নিক। তবে খেলাটা উপভোগ্য হোক—এটাই চাওয়া।

ফাহিম ওয়াকিল তামিম, 
ফিশারিজ অনুষদ

একটা নতুন ইতিহাসের সাক্ষী হব

এবারের ক্রিকেট বিশ্বকাপ আমার কাছে একটু অন্যরকম। কারণ, প্রতিবার পরিচিত দলগুলোই ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে থাকে এতে ক্রিকেট বিশ্বকাপ কতটা বৈশ্বিক সেই নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন উঠত। কিন্তু, এখন এই বিশ্বকাপে ২০টি দল অংশগ্রহণ করাতে এর উন্মাদনা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য উগান্ডা, পাপুয়া নিউগিনি, নেপাল, যুক্তরাষ্ট্র এবং এরই মধ্যে নতুন দলগুলো চমক দেখানো শুরু করছে। আশা করি, আমরা একটা নতুন ইতিহাসের সাক্ষী হব। বরাবরের মতই বাংলাদেশের জন্য অনেক দোয়া ও শুভকামনা।

সাদাত জামান বিধান, 
নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদ

হারলেও যেন লড়াই করে হারে

ক্রিকেট খেলা বাঙালির যেন ইমোশন। বাংলাদেশ দল উত্থান আর পতনের মধ্যে দিয়েই যেত। কিন্তু সম্প্রতি ব্যাটিং অর্ডারের যেই বেহাল অবস্থা। ফলে মানুষ ক্রিকেট বিমুখ হচ্ছে। একটা সময় ছিল, যখন বাংলাদেশ দল বলতেই মাশরাফি, তামিম, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহদের চিনতাম। আমাদের ছোটো বেলার সে জেনারেশনের সময় ফুরিয়ে গেছে। এখন নতুন প্রজন্ম নতুন ক্রিকেটারদের চিনছে। সুতরাং নতুনদের মধ্যেই গুরুদায়িত্ব এই ক্রিকেটকে বাঙালির অন্তরে নিবেশিত রাখার। একজন ক্রিকেট প্রেমী হিসেবে চাই, বাংলাদেশ যেন ভালো খেলে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং, বিশেষ করে ওপেনিংটা স্ট্রং করুক। সবার উচিত নিজের বেস্টটা দেয়া। অবশ্যই চাই, বাংলাদেশ জিতে যাক। ইতিহাস তৈরি করুক। কিন্তু যদি হারেও তাও যেন লড়াই করেই হারে।

মেহেরীন বিনতে খান মিথিলা, 
কৃষি অনুষদ

বাংলাদেশ দল হার্টবিট নিয়ে খেলবে না

এবারের ট-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ যেন অঘটন দিয়েই শুরু হলো। ছোট ছোট দলগুলো বিগত বিশ্বচ্যাম্পিয়নদের ধরাশায়ী করে ফেলছে নিমিষেই। তাই এবারের বিশ্বকাপ নিয়ে উন্মাদনা যেন একটু ভিন্ন রকমের, আনপ্রেডিক্টেবল। বাংলাদেশ টিমে পছন্দের কিছু প্লেয়ার না থাকায় শুরু থেকেই কিছুটা হতাশ ছিলাম, কিন্তু গত ম্যাচে লঙ্কানদের হারানোর পর কিছুটা স্বস্তি ফিরে পাই। সুপার এইট মোটামুটি নিশ্চিত মনে হচ্ছে, যদি না নেদারল্যান্ডস কোনো অঘটন ঘটায়। আশা থাকবে বাংলাদেশ দল এবার আমাদের হার্টবিট নিয়ে খেলবে না। মাহমুদুল্লাহ, সাকিব, হৃদয়, রিশাদরা আমাদের ব্যাক টু ব্যাক জয় এনে দেবে।

সেমালে জান্নাত অনন্যা 
কৃষি অনুষদ

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!