ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

একাদশে ভর্তি: এরই মধ্যে আবেদন ছাড়াল সাড়ে ৯ লাখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৭, ৩ জুন ২০২৪
একাদশে ভর্তি: এরই মধ্যে আবেদন ছাড়াল সাড়ে ৯ লাখ
প্রতীকী ছবি

এবার একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরুর পর ৭ দিনে প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে আবেদন করেছেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তথ্যমতে, রোববার (২ জুন) রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত আবেদন করেছেন ৯ লাখ ৪৭ হাজার ৬১৫ জন। আবেদনকারীরা সর্বনিম্ন ৫ এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ করার সুযোগ পেয়েছেন। তারা মোট ৫১ লাখ ৭০ হাজার ১২টি পছন্দক্রম জমা দিয়েছেন।

আবেদন করা ৯ লাখ ৪৭ হাজার ৬১৫ জনের মধ্যে সফলভাবে ফি পরিশোধ করেছেন ৯ লাখ ৩৪ হাজার ১৫৯ জন। এর আগে গত ৩০ মে পর্যন্ত আবেদন জমা পড়েছিল ৫ লাখ ৬৩ হাজার ৮৩৬টি। সেই হিসাবে গত দুই দিনে প্রায় ৪ লাখ শিক্ষার্থী নতুন করে আবেদন করেছেন।

Advertisement

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘সার্ভার জটিলতার কারণে নির্ধারিত দিন ২৬ মে আবেদন শুরু করা সম্ভব হয়নি। ২৭ মে থেকে পুরোদমে আবেদন চলছে। এরমধ্যে পেমেন্টসহ আরো কিছু জটিলতার অভিযোগ পেয়েছিলাম আমরা। সেগুলো এখন সমাধান হয়ে গেছে। এখন শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে আবেদন করতে পারছেন।’

গত ১২ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৭২ হাজার শিক্ষার্থী। তবে এবার সারাদেশে কলেজ ও আলিম পর্যায়ের মাদরাসায় ২৫ লাখ আসন রয়েছে। সেই হিসেবে সব শিক্ষার্থী ভর্তির পরও প্রায় সাড়ে ৮ লাখ আসন খালি থাকবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!