ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের গুরুত্বপূর্ণ তারিখসমূহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩০, ২০ মে ২০২৪
একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের গুরুত্বপূর্ণ তারিখসমূহ
ছবি: সংগৃহীত

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। এরপর চূড়ান্ত করা হয়েছে ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু তারিখসমূহ। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের গুরুত্বপূর্ণ তারিখসমূহ জেনে নিন:

জানা যায়, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ১৫ জুলাই। তা চলবে ২৫ জুলাই পর্যন্ত। আর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ৩০ জুলাই।

Advertisement

এবারো শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। তিন পর্যায়ে আবেদন নেয়া হবে। ২৬ মে থেকে ১১ জুন পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় ১২ মে। প্রকাশিত ফলাফল অনুযায়ী এবার পাস করেছেন ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী। পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। তাদের মধ্যে এক লাখ ৮২ হাজার ১২৯ জন জিপিএ-৫ পেয়েছেন। শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, সারা দেশে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ২৫ লাখ। অর্থাৎ এসএসসি পাস সবাই কলেজে ভর্তি হওয়ার পরও আট লাখের বেশি আসন খালি থেকে যাবে।

অনলাইনে http://www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবেন। ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করা যাবে।

একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন তার মধ্য থেকে তার মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। কেবল শিক্ষার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।

১২-১৩ জুন প্রথম পর্যায়ের আবেদন যাচাই, বাছাই ও নিষ্পত্তি করা হবে। এই সময়েই পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে। এরপর ২৩ জুন রাত ৮টায় প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের এবং ৯ ও ১০ জুলাই তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে।

৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল ও প্রথম মাইগ্রেশনের ফল এবং ১২ জুলাই রাত ৮টায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!