শিক্ষার্থীরা জানান, নোবিপ্রবির ভলিবল দল গত বছর অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করে। তাদের দাবি, সুযোগ দেওয়া হলে তারা আরো ভালো করবে। অর্থের কারণ দেখিয়ে একটি সম্ভাবনাময় দলকে অংশগ্রহণ করতে না দেওয়া অযৌক্তিক।
নাম প্রকাশে অনিচ্ছুক নোবিপ্রবি ভলিবল দলের এক খেলোয়াড় বলেন, ‘আমরা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আগ্রহী এবং ভালো কিছু করার জন্য প্রস্তুত আছি। আর্থিক সংকট ও খেলার বাজেট না থাকার কারণে আমরা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছি না। আমরা চাই প্রশাসন আমাদেরকে সহযোগিতা করুক, যেন টুর্নামেন্টে অংশ নিতে পারি।’
.png)
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আক্ষেপের সুরে বলেন, ‘গতবার আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে নোবিপ্রবি সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। অথচ এবার অংশগ্রহণে অনিশ্চিত। এটা কোনোভাবেই কাম্য নয়।’
এই বিষয়ে শরীরচর্চা বিভাগের পরিচালক মো. রুবেল মিয়া বলেন, ‘খেলা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা এবার আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে অংশ নিচ্ছি না। এ বছর খেলার মাঠ সংস্কার ও পিচ বানানোর কাজ করায় আর্থিক সংকটের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে প্রতি বছর আন্তঃবিশ্ববিদ্যালয় সবগুলো টুর্নামেন্টে অংশ না নিয়ে আমরা রোটেশন করে তিন থেকে চারটি টুর্নামেন্টে অংশ নেব।’
প্রসঙ্গত, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার ফাইনালে ম্যাচে অপ্রীতিকর ঘটনার কারণে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্ট আপাতত স্থগিত রয়েছে।