ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফুটপাত দখল করে রিকশা গ্যারেজ, নষ্ট হচ্ছে বুটেক্সের সৌন্দর্য

সাইফুল ইসলাম শাহেদ, বুটেক্স
প্রকাশিত: ১৩:৫৩, ২৩ মার্চ ২০২৪
ফুটপাত দখল করে রিকশা গ্যারেজ, নষ্ট হচ্ছে বুটেক্সের সৌন্দর্য
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) কটন ল্যাবের পেছনের ফুটপাতে দীর্ঘদিন ধরে রয়েছে ভ্রাম্যমাণ রিকশা গ্যারেজ। এতে নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ও নিরাপত্তা। 

ক্যাম্পাসের কটন ল্যাবের পেছনের ফুটপাত দখল করে গড়ে ওঠা রিকশার গ্যারেজে পথচারীর চলাচলে অসুবিধা হচ্ছে। ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি গ্যারেজে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও স্থানীয় উচ্ছৃঙ্খল ছেলেদের আড্ডাখানায় পরিণত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে।

জানা যায়, ফুটপাতটি বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে একাধিকবার বিশ্ববিদ্যালয় থেকে অবহিত করা হয়। এর পরেও কোনো কার্যকর পদক্ষেপ তারা নেয়নি বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পাশাপাশি স্থানীয় দলীয় নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতায় এসব ভ্রাম্যমাণ গ্যারেজ গড়ে উঠেছে বলে জানায় তারা।

Advertisement

শিক্ষক সমিতির সভাপতি ড. মো. রিয়াজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরাও অবগত এবং চিন্তিত, কেননা এটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে নষ্ট হচ্ছে। এটি নিয়ে শীঘ্রই প্রক্টরিয়াল বডির সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রক্টর ড. উম্মুল খায়ের ফাতেমা জানান, আমরাও চাই আমাদের ক্যাম্পাসের আশেপাশের পরিবেশ সুন্দর থাকুক। কিন্তু যেহেতু ফুটপাতের জায়গা বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে তাই চাইলেই আমরা গিয়ে ওদের উঠিয়ে দিতে পারি না। এ জায়গা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন। তাই আইনানুগ ব্যবস্থা নিলে তারাই নিতে পারে। এক্ষেত্রে আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করার।

বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি সেকশনে যোগাযোগ করা হলে তারা জানান, বিগত সময় কয়েকবার চিঠি দিয়ে সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি। নিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। কিছুদিন ফাঁকা থেকে আবারো ফুটপাত দখল করে গড়ে উঠেছে রিকশা গ্যারেজ। 

বিষয়টি নিয়ে রেজিস্ট্রার কাবেরী মজুমদার জানান, এই ফুটপাত আমাদের বিশ্ববিদ্যালয়ের জায়গা না। কোনো ব্যবস্থা নিতে হলে তারাই নিবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বিষয়টি নিয়ে কাজ করছে। প্রক্টর অফিস থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত ব্যাপারটির কোনো অগ্রগতি নেই।

প্রক্টরিয়াল বডি থেকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হলে কোনো পদক্ষেপ নিবেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই নেব। প্রক্টর অফিস থেকে যদি জানানো হয়, তবে আমরা যে ব্যবস্থা নিতে হয় তা নেব।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বুটেক্স
লিংক সফলভাবে কপি হয়েছে!