ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাসেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৮, ৯ মার্চ ২০২৪
প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাসেই
ছবি: ডেইলি বাংলাদেশ

চলতি মাসেই শুরু হতে পারে প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম। অনলাইনে বদলির জন্য বানানো সফটওয়্যারের হালনাগাদ কাজ প্রায় শেষ। এরপর পাইলটিং করে চলতি বছরের বদলির প্রক্রিয়া শুরু হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছরের মতো এবারো উপজেলা থেকে উপজেলায় বদলি দিয়ে কার্যক্রম শুরু হবে। আর শেষ হবে মহানগর এবং সিটি কর্পোরেশনের বদলির মাধ্যমে।

জানা গেছে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু হয়। অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এজন্য নির্ধারিত একটি সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত আইডি ব্যবহার করে শিক্ষকদের বদলির জন্য আবেদন করতে হয়। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই ঐ শিক্ষক বদলির যোগ্য কি না বা কোন বিদ্যালয়ে বদলি হবেন, তা নির্ধারণ হবে।

Advertisement

অধিদফতরের কর্মকর্তারা জানান, বদলির প্রথম ধাপে উপজেলা থেকে যারা উপজেলার মধ্যে বদলি হতে চান তারা সুযোগ পাবেন। এরপর জেলার মধ্যে, এক জেলা থেকে অন্য জেলায়, এক বিভাগ থেকে অন্য বিভাগ এবং সর্বশেষ মহানগরের মহানগর এবং সিটি কর্পোরেশনের মধ্যে বদলি সম্পন্ন হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয় উপজেলাভিত্তিক। তাই সাধারণ নিয়মে উপজেলার মধ্যেই শিক্ষকদের বদলি হতে হবে। তবে বিশেষ কারণে উপজেলা বা জেলা পরিবর্তনেরও সুযোগ আছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শিক্ষক
লিংক সফলভাবে কপি হয়েছে!