ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

তিন শতাধিক পদ নিয়ে শাবিতে চাকরি মেলার আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৯, ২৪ জানুয়ারি ২০২৪
তিন শতাধিক পদ নিয়ে শাবিতে চাকরি মেলার আয়োজন
ছবি: ডেইলি বাংলাদেশ

তিন শতাধিক চাকরির পদ নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চাকরি মেলার আয়োজন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘সাস্টসিসি জব ফেস্ট’ নামে পঞ্চমবারের মতো আয়োজিত হবে এ মেলা। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি ) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি সাকিব হাসান রাসেল।

এ সময় লিখিত বক্তব্যে সাকিব হাসান বলেন, আগামী ৩১ জানুয়ারি ও পহেলা ফেব্রুয়ারি আয়োজিত এ চাকুরি মেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৩৫টির অধিক কোম্পানি ৩ শতাধিক পদে জনবল নিয়োগের জন্য আসবে। এতে বৃহত্তর সিলেটের স্নাতক সম্পন্ন প্রার্থীরা পছন্দের কোম্পানিগুলোতে একাধিক পোস্টের জন্য সুনির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন। 

Advertisement

তিনি বলেন, প্রতিবারের ন্যায় এবারো দুই দিনব্যাপী এ মেলা চলবে। এতে প্রতিদিন সকাল ৯টায় হ্যান্ডবল গ্রাউন্ডে মেলা শুরু হবে। প্রথমদিন (৩১ জানুয়ারি) চাকরি প্রত্যাশীদের কাছ থেকে কোম্পানিগুলো জীবন বৃত্তান্ত (সিভি) জমা নিবে। এছাড়াও টেন্টে বিভিন্ন কোম্পানির নির্ভুল নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে পারবেন গ্র্যাজুয়েটরা। পরের দিন কোম্পানিগুলো পদ শূন্যতার ভিত্তিতে সিভি জমাদানকারীদের মধ্যে থেকে নির্বাচিতদের মৌখিক পরীক্ষা নিবে। 

জানা গেছে, এবারের জব ফেস্টে মেঘনা গ্রুপ, নাভানা গ্রুপ, লাফার্জ হলসিম, লাইট ক্যাসেল পার্টনার, আড়ং, এপেক্স, বেঙ্গল গ্রুপ, বিএসআরএম, শেভরন, হামিম গ্রুপ, প্রাণ, আরএফএল, ক্রাউন সিমেন্টসহ অন্যান্য কোম্পানিগুলো অংশ নিবে। সংবাদ সম্মেলনে ক্যারিয়ার ক্লাবের সহসভাপতি তাহমিদ আহমেদ, আমিনুল হক লস্কর, সাধারণ সম্পাদক জুবাইর আহসান, যুগ্ম-সম্পাদক মুনিয়া সুলতানা নিলাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপউপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী প্রমুখ ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!