ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে আসন প্রতি ভর্তিচ্ছু ৪৯, আবেদন করেও বাদ ১১১৪৪ শিক্ষার্থী

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ২১ জানুয়ারি ২০২৪
চবিতে আসন প্রতি ভর্তিচ্ছু ৪৯, আবেদন করেও বাদ ১১১৪৪ শিক্ষার্থী
ছবি: ডেইলি বাংলাদেশ

২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আসন প্রতি ৪৯জন ভর্তিচ্ছু লড়বেন। চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে চার হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে আবেদন করেছেন দুই লাখ ৪৩ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী। তবে টাকা জমা না দেওয়ায় ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেও ১১ হাজার ১৪৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না।

রোববার (২১ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম। 

ড. মোহাম্মদ খাইরুল ইসলাম জানান, ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৯৯ হাজার ৫২১ জন। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৫ হাজার ২৬৭ জন শিক্ষার্থী। ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ১৭ হাজার ৩০০ শিক্ষার্থী। ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ৫৭ হাজার ৮০৪ জন। দুটি উপ-ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে আবেদন পড়েছে ১ হাজার ৬৬৯ জনের। আর ‘ডি-১’ উপ ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ১ হাজার ৯৯৪ জন প্রার্থী আবেদন করেছেন।

Advertisement

এ বছর ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের সিলেবাসে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান (প্রবলেম সলভিং) অংশে ৩০ নম্বর থাকবে। এছাড়াও অন্যবার ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের আলাদা প্রশ্নে পরীক্ষা হলেও এবার সব বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা একই প্রশ্নে পরীক্ষা দেবেন এই ইউনিটে। এতে শিক্ষার্থীরা দক্ষতার সঙ্গে নিজেদের যাচাই করতে পারবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এই সেশনের ভর্তি পরীক্ষা আগামী ২ থেকে ১৬ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার জন্য শর্তসাপেক্ষে সুযোগ রাখা হয়েছে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলের ভিত্তিতে সর্বোচ্চ ২০ নম্বর যোগ হবে। তবে দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের মোট নম্বর থেকে কাটা পড়বে ৫ নম্বর।

প্রথমবারের মতো এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একাধিক বিভাগে। কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। তবে চাইলেই এ দুই বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না। সীমিত সংখ্যক শিক্ষার্থীকে এ সুযোগ দেওয়া হবে। যিনি আগে আবেদন সম্পন্ন করবেন, তার পছন্দক্রম অনুসারে আসন খালি থাকা সাপেক্ষে তার কেন্দ্র আগে নির্ধারণ করা হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি

আগামী ২ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ৯ মার্চ ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এছাড়া ‘বি–১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি–১’ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ, ‘বি–১’ উপ–ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি–১’ উপ–ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: চবি
লিংক সফলভাবে কপি হয়েছে!