২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তিতে দেশের চারটি বেসরকারি মেডিকেল কলেজকে নিষেধাজ্ঞা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। বিগত পাঁচ বছরে বিভিন্ন অনিয়ম ও নীতিমালা বহির্ভূত কাজ করেছে করায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত সনদ অনুমোদন বন্ধ রেখেছে বিএমডিসি।
মঙ্গলবার অধিদফতরের পরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসা শিক্ষা প্রদানে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নির্দেশনা না মানায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত সনদ অনুমোদন বন্ধ রাখা হয়েছে। তাই দেশি ও বিদেশি শিক্ষার্থীদের এসব মেডিকেল কলেজে ভর্তি হতে নিষেধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা পাওয়া মেডিকেল কলেজগুলো হলো রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত আইচি মেডিকেল কলেজ, ধানমন্ডির নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, রংপুরের নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ ও রাজশাহীর শাহ্ মখদুম মেডিকেল কলেজ।
অধিদফতর জানায়, উল্লিখিত প্রতিষ্ঠানে ভর্তি হলে শিক্ষার্থীরা পরবর্তীতে পেশাগত কাজে যোগদানের ক্ষেত্রে জটিলতায় পড়তে পারেন। সেজন্য এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের সতর্ক করা হলো।
প্রসঙ্গত, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি ১০২টি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মোট ১১ হাজার ৭২৮টি আসন রয়েছে। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজগুলোতে আছে ৫ হাজার ৩৮০টি আসন। আর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আছে শিক্ষার্থীদের ৬ হাজার ৩৪৮টি আসন; যেখানে দেশি শিক্ষার্থীদের জন্য আছে ৩ হাজার ৬৫৭টি আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৪৫ শতাংশ কোটা হিসেবে আছে ২ হাজার ৫৫১টি আসন।