ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিলেন ববি শিক্ষার্থী সুমন

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ২৮ ডিসেম্বর ২০২৩
সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিলেন ববি শিক্ষার্থী সুমন
ববি শিক্ষার্থী সুমন বালা। ছবি: সংগৃহীত

সাঁতরে দীর্ঘ ১৬.১ কিলোমিটার দীর্ঘ বাংলা চ্যানেল পাড়ি দিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী সুমন বালা। সুমন বালা বিশ্ববিদ্যালয়ের  ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

'বাংলা চ্যানেল’ নামে পরিচিত কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন সাগরপথ সাঁতরে পাড়ি দিয়ে ৪৩ জন সাঁতারুর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন সুমন বালা।


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা ৩২মিনিটে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ্পরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে এই সাঁতার শুরু করা হয়েছে। এবার এই সাঁতারের আয়োজন করেছে ‘ষড়্জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’। আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘১৮তম বাংলা চ্যানেল সাঁতার ২০২৩’। সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেছেন-টেকনাফ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট্র মো. এরফানুল হক চৌধুরী।

Advertisement

বাংলা চ্যানেল পার হওয়ার ব্যাপারে জানতে চাইলে সুমন বালা বলেন, ‘এমন একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হতে পেরে অনেক ভালো লাগছে। আমি আমার বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করতে পারছি এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। নতুন প্রজন্ম যেন আমার থেকে অনুপ্রেরণা নিতে পারে, ভয় না পায়, এজন্যও আমার এই প্রতিযোগিতায় অংশ নেওয়া৷


কলা ও মানবিক অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান  তানভীর কায়সার বলেন, বাংলা চ্যানেল পাড়ি দিয়ে তৃতীয় স্থান অর্জন করা নিশ্চিতভাবেই শুধু ইংরেজি বিভাগের জন্য নয় বরং আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গর্বের বিষয়। আমি মনে করি যে , এটা আমাদের নতুন ব্যাচের যে শিক্ষার্থী আছে তথা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি গুলোর উপরেও ফোকাস দেওয়া উচিত, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ বৃদ্ধিতে সহযোগিতা করে থাকে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!