ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

জবির প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন সাদেকা হালিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৫, ৩০ নভেম্বর ২০২৩
জবির প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন সাদেকা হালিম
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ উপাচার্য।

সাদেকা হালিম তথ্য কমিশনের প্রথম নারী তথ্য কমিশনার ছিলেন। ঢাবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উপসচিব রোখসানা বেগমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন তিনি। প্রযোজ্য ক্ষেত্রে নিয়মিত চাকরির বয়স পূর্ণ হলে তাকে ঢাবিতে প্রত্যাবর্তন করে অবসর নিতে হবে। এরপর তিনি আবার মেয়াদের বাকি অংশ পূর্ণ করবেন।

গত ১১ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। চিকিৎসাধীন থাকায় গত আগস্ট থেকেই ক্যাম্পাসে অনিয়মিত ছিলেন তিনি। তার অনুপস্থিতিতে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করছেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

অধ্যাপক সাদেকা হালিম উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।

সাদেকা হালিম কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নেন। পরে কমনওয়েলথ স্টাফ ফেলোশিপ নিয়ে যুক্তরাজ্যের বাথ ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরেট সম্পন্ন করেন।

সাদেকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির কার্যকরী সদস্য ও সিনেট সদস্য ছিলেন। তিনি জাতীয় শিক্ষানীতি কমিটি ২০০৯-এর কমিটিতে সদস্য ছিলেন। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম নারী ডিন ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!