ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ভর্তি সম্পন্নে যে নির্দেশনা দিলো মাউশি, লাগবে যেসব কাগজপত্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৬, ২৯ নভেম্বর ২০২৩
ভর্তি সম্পন্নে যে নির্দেশনা দিলো মাউশি, লাগবে যেসব কাগজপত্র
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। ছবি: ডেইলি বাংলাদেশ

সম্প্রতি দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী  ভর্তি জন্য অনুষ্ঠিত হলো ডিজিটাল লটারি। পরে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের এসএমএস পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

নির্বাচিত শিক্ষার্থীদের পাঁচদিনের মধ্যে ভর্তি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। মাউশি জানিয়েছে, আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রথম তালিকা, প্রথম অপেক্ষমাণ তালিকা ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে তিন ধাপে ভর্তি শেষ করতে হবে।

তবে কোন প্রতিষ্ঠান কবে থেকে ভর্তি শুরু করবে, তা স্ব স্ব প্রতিষ্ঠানই সিদ্ধান্ত নেবে। যেদিন থেকে প্রথম তালিকার শিক্ষার্থীদের ভর্তি শুরু করা হবে, সেদিন থেকে পাঁচদিনের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে।

Advertisement

মাউশি কর্মকর্তারা বলছেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে বুধবার (২৯ নভেম্বর) থেকেও এ ভর্তি কার্যক্রম শুরু করতে পারে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তি শুরু করবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের কোন কোন কাগজপত্র জমা দিতে হবে তা নোটিশ দিয়ে জানিয়ে দিচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। মাউশিও ভর্তি নির্দেশনায় এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে।

মাউশি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিজ্ঞপ্তির তথ্যমতে, ভর্তির ক্ষেত্রে নির্বাচিত শিক্ষার্থীর মূল আবেদনপত্র, লটারির ফলাফলের কপি (নিজ), শিক্ষার্থীর মূল জন্মসনদ, জন্মনিবন্ধন সনদের অনলাইন কপি, শিক্ষার্থীর বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি লাগবে।

এছাড়া ক্যাচমেন্ট এরিয়ার ক্ষেত্রে স্থানীয় কাউন্সিলর কর্তৃক অভিভাবকের নামে ইস্যুকৃত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। সহোদর কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলের সহকারী প্রধান শিক্ষক কর্তৃক প্রত্যয়নপত্র। বীর মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতনি, শিক্ষা মন্ত্রণালয় কোটা এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে মাউশির ভর্তি নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রত্যয়নপত্রের মূল কপি দেখাতে হবে। এছাড়া এজিবি কলোনির ক্ষেত্রে বাবা অথবা মায়ের নামে ইস্যুকৃত বরাদ্দের চিঠি, পজিশন লেটার ও বেতনের আই-বাসের (i-bas) সর্বশেষ কপি জমা দিতে হবে।

ভর্তির সময় লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার নির্দেশনা দিয়েছে মাউশি। কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে লটারির মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে (যাচাই সাপেক্ষে), তাকে ভর্তি করা যাবে না। কোনো আবেদনকারী তথ্য পরিবর্তন করে একাধিকবার আবেদন করে থাকলে ডিজিটাল লটারিতে তার ভর্তির নির্বাচন বাতিল বলে গণ্য হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!