ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৫.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ২৬ নভেম্বর ২০২৩
কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৫.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭৫.৩৯ ভাগ। যা গত বছরের তুলনায় ১৫.৩৩ ভাগ কম। ২০২২ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৯০.৭২ ভাগ। 

রোববার (২৬ নভেম্বর) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ফলাফল বিবরণীতে উল্লেখ করা হয়, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ১০ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এরমধ্যে, মেয়ে পরীক্ষার্থী ৬৩ হাজার ৬৭০ জন এবং ছেলে ৪৬ হাজার ৯৮৫ জন।

মোট পাস করেছেন ৮৩ হাজার ৩৭০ জন পরীক্ষার্থী। এর মধ্যে, মেয়ে ৪৯ হাজার ১৫৩ জন এবং ছেলে ৩৪ হাজার ৬১৬ জন। এ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৫৫ জন। এর মধ্যে, মেয়ে ৩ হাজার ৫২৩ জন, ছেলে পরীক্ষার্থী ২ হাজার ১৩২ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বোর্ডের অধীন ৬ জেলার ৪২৮টি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের মধ্যে এবার ছাত্রদের চেয়ে ছাত্রীরা ভালো ফলাফল করেছে। 

এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৬৫৫ জন। ২০২২ সালে এ সংখ্যা ছিল ১৪ হাজার ৯৯১ জন। চলতি বছর কুমিল্লা বোর্ডে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ২ হাজার ১৩২জন। পাশাপাশি ছাত্রীর সংখ্যা হলো ৩ হাজার ৫২৩জন। ২০২২ সালে এ সংখ্যা ছিল যথাক্রমে ৫ হাজার ৬৮৪ আর ৯ হাজার ৩০৭ জনে। 

বোর্ড জানায়, কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ২০১৯ সালে পাশের হার ছিল ৭৭.৭৪ ভাগ, ২০২২ সালে ছিল ১০০ ভাগ, ২০২১ সালে ছিল ৯৭.৪৯ ভাগ আর ২০২২ সালে ছিল ৯০.৭২ ভাগ। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!