ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খেলার মাঠে বাকবিতণ্ডার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। মোট পাঁচ দফায় হওয়া মারামারিতে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ফুটবল খেলছিল একদল শিক্ষার্থী। একই সঙ্গে পাশের কংক্রিটে ক্রিকেট খেলছিল মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। এ সময় ফুটবল মাঠে ক্রিকেটের ফিল্ডার রাখায় দুই পক্ষের বাকবিতণ্ডা হয়। পরে ডায়না চত্বরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সাজসজ্জায় ব্যবহৃত লাঠি দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ।
.png)
_1700581655.jpg)
এসময় আহত হয় মার্কেটিং বিভাগের রিয়াজ, ফিন্যান্স বিভাগের জ্যাকি, সিয়াম, অর্থনীতি বিভাগের সাদি, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শাফি, বাংলা বিভাগের ধ্রুব এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মেজবাহ। পরে সবাইকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হলে সেখানেই আবারো কয়েক দফায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডির সদস্য, ইবি থানার পুলিশ সদস্য ও ছাত্রলীগ নেতারা এসে পরিস্থিতি শান্ত করেন।
চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডা. খুরশিদা জাহান বলেন, ‘আমার কাছে আহতরা যারা এসেছিল তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘ঘটনাটি শোনার পর সহকারী প্রক্টরদের পাঠিয়েছি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। খেলার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন সংঘর্ষে জড়িয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে শিক্ষার্থীরা। আমরা বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’