খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর বিভিন্ন কলেজে সকাল ১০টায় ওরিয়েন্টশনের আয়োজন করা হয়েছে। সেখানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে যাতে কোনো ধরনের র্যাগিং বা হয়রানির ঘটনা না ঘটে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী গণমধ্যমকে বলেন, ‘প্রতি বছরই আমরা এমন আয়োজন করি। এ বছরও আমদের আয়োজন রয়েছে। যদিও আমাদের স্কুলের অনেক শিক্ষার্থীই এসএসসি পাস করে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। তবুও নতুন আমেজে ওদের বরণ করে নিচ্ছি আমরা।’
.png)
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমাদের এখানে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাদের ক্লাস শুরু হচ্ছে আজ। ঢাকা কলেজে আমরা তাদের স্বাগত জানাই। নতুনরা ক্যাম্পাসে এলে অনেকে না বুঝে র্যাগিং করে থাকে। সেটা যাতে না ঘটে, সেদিকে নজর রয়েছে আমাদের।’
এদিকে, কলেজে পা রেখে উচ্ছ্বসিত মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। পছন্দের কলেজ পাওয়ায় খুশিতে আত্মহারা অনেকে। প্রথমদিনে কেউ কেউ সঙ্গে নিয়ে গেছেন বাবা-মাকেও।