জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের খুলনা ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ‘ফুচকা কনটেস্ট’-এর আয়োজনটি করা হয়। রোববার (২৪ সেপ্টেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদের নিচে বসে প্রতিযোগিতাটি। প্রতি রাউন্ডে ২০ জন করে প্রতিযোগীর মধ্যে প্রতিযোগিতার আয়োজন করে ছাঁটাই করা হয়। প্রত্যেকবার তিনজন করে বিজয়ী নির্ধারণ করা হয়। এভাবে একে একে বিজয়ীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবার শেষে যে বিজয়ী হয়েছে তাকে উপহার হিসেবে দেওয়া হয় একটি মোবাইল ফোন। এ যেন হৈহৈ কাণ্ড আর রৈরৈ ব্যাপার। এদিন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মিলনমেলা দেখা যায়।

.png)
নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ভিন্নধর্মী প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। ‘রেডি-ওয়ান-টু-থ্রি-স্টার্ট’ বললেই শুরু হচ্ছে গাপুসগুপুস ফুচকা খাওয়া। যে সবার আগেই খেয়ে শেষ করতে পারবে সে-ই হবে বিজয়ী।
মোট ৪ রাউন্ড শেষে স্বল্প সময়ে নির্ধারিত সংখ্যক (৩৬ পিস) ফুচকা খেয়ে শেষ করে বিজয়ী হয়েছে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২১-২০২২ বাইজিদ আজাদ শাকিল। কনটেস্টে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার এবং নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক হিরক মুশফিক। প্রতিযোগিতাটি খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের দ্বারা পরিচালনা করা হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইনামুল বারী এবং সঞ্চালনা করে সাদাদ শুভ। অনুষ্ঠান আয়োজনে সার্বিক দায়িত্বে ছিলেন মো. তানভীর হাসান।

বিজয়ী বাইজিদ আজাদ বলেন, খুলনার এই আয়োজন অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় ভরপুর ছিল। আমরা সবাই উপভোগ করেছি। খুলনা ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে প্রতি বছর এই আয়োজনের ধারা অব্যাহত রাখার অনুরোধ রইল।
সভাপতি ইনামুল বারী সার্বিক আয়োজন নিয়ে বলেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল করতে পেরেছি, এ জন্য ভালো লাগছে। খুলনা ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সর্বদাই এমন ভিন্নধর্মী আয়োজন করে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, আমাদের খুলনার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা যে এত অল্প সময়ে এত সফল এবং চমৎকার আয়োজন করতে পারে এটা সত্যিই প্রশংসার দাবিদার। তাদের এই ভালো কাজের ধারাবাহিকতা বজায় থাকুক।