রাজধানীর ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাশেদুল হাসান ইমন (২০) নামে বনশ্রী আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
.png)
প্রত্যক্ষদর্শী সাগর আহমেদ বলেন, বাহির থেকে ক্যাম্পাসের পুকুর পাড় দিয়ে আমি যাচ্ছিলাম। তখন একজন এসে বলে আমাদের বন্ধু ইমন পুকুরে ডুবে গেছে। পরে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী পুকুরে ডুব দিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করি কিন্তু তাকে পাওয়া যায় না। পরে আমরা আবারো বেশ কয়েকজন পানিতে খোঁজাখুঁজির পর তাকে ডুবন্ত অবস্থায় তুলে আনি। এরপর প্রিন্সিপাল স্যারের গাড়িতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রাশেদুল হাসান ইমনের বড় ভাই মাহমুদুল হাসান বলেন, কার সঙ্গে কী কারণে ঢাকা কলেজ গিয়েছিল সে বিষয়টি বলতে পারছি না।
ঢাকাতে তারা বনশ্রীতে থাকতেন এবং তাদের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়াতে বলেও জানান মাহমুদুল। তাদের বাবার নাম মো. শহিদুল্লাহ।
নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ইমনের সঙ্গে থাকা চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
এদিকে, ঢাকা কলেজের ক্যাম্পাসের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে সুখের মাতম চলছে।