ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে ডিএসসিসির মশা নিধন অভিযান

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ২৩ আগস্ট ২০২৩
ঢাবিতে ডিএসসিসির মশা নিধন অভিযান
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসের নানা জায়গায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

বুধবার (২৩ আগস্ট) এ কার্যক্রম অনুষ্ঠানে এসেছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ঢাবি শিক্ষক-শিক্ষার্থী, সিটি করপোরেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

Advertisement

মেয়র বক্তব্য শুরুর পরেই শুরু হলো ঝিরি ঝিরি বৃষ্টি। আর এ বৃষ্টি দেখেই মেয়র বললেন, ‘আমি কি চালিয়ে যাব?’ এ সময় উপস্থিত শ্রোতাদের মধ্যে থেকে জোরালো কণ্ঠে উত্তর এল ‘হ্যাঁ’। ফলে বৃষ্টি উপেক্ষা করেই চালিয়ে গেলেন মেয়রের বক্তব্য। 

এ সময় তিনি বলেন, ‘বৃষ্টির পানি জমে থাকা স্থানেই মশার উৎপত্তি হয়। এ বৃষ্টির মধ্যে আপনারা উপলব্ধি করতে পারছেন এসময় মশক নিয়ন্ত্রণের আমাদের কাজ কতটা কষ্টসাধ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি অনুরোধ করব, এ যে বৃষ্টি হলো, এর মাধ্যমেই কিন্তু কিছু জায়গায় পানি জমবে। আমাদের সবাইকে আঙ্গিনায় কোথায় জমা পানি আছে, সেটা খুঁজে বের করতে হবে। আপনারা নিজ আঙ্গিনার জমা পানি ফেলে দেবেন।’

তাপস বলেন, ‘আমরা খবর পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ কারণে ঢাবিতে ঢাকা ডিএসসিসির পক্ষ থেকে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম আমরা গ্রহণ করেছি। আজ আমাদের কর্মীরা বিশ্ববিদ্যালয় জুড়ে এ কার্যক্রম পরিচালনা করবেন। আমাদের লক্ষ্য এডিস মশার উৎপত্তিস্থলগুলো ধ্বংস করা।’

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!