বুধবার (১৪ জুন) দুপুরে রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও লোকাল ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম ডেইলি বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, এবারের দুটি গ্রুপের (‘ক’ ও ‘খ’) অধীনে ১৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) মোট ৭ হাজার ৭৩২ জন এবং ‘খ’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ) অধীনে সকাল ১০টা থেকে দুপুর ১ টা ৪৫ মিনিট পর্যন্ত ৫৯৪ জন ভর্তিচ্ছু অংশ নেবেন।
.png)
জানা যায়, এবারে চুয়েট, কুয়েট, রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষায় মোট আসন রয়েছে ৩ হাজার ২৩১টি। এর মধ্যে চুয়েটে ১ হাজার ২৩৫টি, কুয়েটে ১ হাজার ৬৫ এবং রুয়েটে আসন রয়েছে ৯৩১টি। তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী সংখ্যা মোট ২৪ হাজার ৯৮০ জন। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। চুয়েট, কুয়েট ও রুয়েটের প্রত্যেক কেন্দ্রে (‘ক’ ও ‘খ’ গ্রুপে) ৮ হাজার ৩২৬ জন করে পরীক্ষার্থী অংশ নেবে। যার মধ্যে ‘ক’ গ্রুপে ২২ হাজার ৮৯২ জন এবং ‘খ’ গ্রুপে ২ হাজার ৮৮ জন।
‘ক’ গ্রুপে ৫০০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ৫০০ নম্বরের MCQ পরীক্ষা এবং ২০০ নম্বরের মুক্ত হস্ত অংকনসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১ টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।#