ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

মধ্যরাতে জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ২

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৪, ১৫ মে ২০২৩
মধ্যরাতে জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ২
আটককৃতরা| ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। পরে অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মো. রাকিব হোসেন ও মেজবাহ উদ্দিন আহমেদ। 

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই সোহেল রানা খন্দকার।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, অভিযুক্তরা আমার ক্যাম্পাসের বড় ভাইয়ের বন্ধু। তার মাধ্যমে তাদের সঙ্গে আমার পরিচয় হয়। তাদের সঙ্গে বেশ কিছুদিন ধরে ক্যাম্পাসে ঘোরাফেরা ও আলাপচারিতার মাধ্যমে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। গত শুক্রবার তারা মিশু ভাইসহ আমার বাড়িতে থাকে।

রোববার মিশু ভাই ক্যাম্পাসে ছিল না। তারা রান্না করে আমার সঙ্গে খেতে চেয়েছিল দেখে তাদের আমার বাড়িতে নিয়ে আসি। রান্নার অর্ধেক সময় আমি অসুস্থতার কারণে রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙার পর দেখি একজন (রাকিব) আমার শরীরে ওপর আপত্তিকর অবস্থায় আছে। আমি পরে সেখান থেকে উঠে গিয়ে পাশের ঘরে গিয়ে দেখি অন্যজন (মেজবাহ) খুবই চিন্তিত অবস্থায় বসে আছে। আমি তাদের দুজনকে আমার বাসা থেকে বের করে দিয়ে গেটের সামনে আটকে রাখি এবং আমার বন্ধুদের ফোন দেই। 

এসআই সোহেল রানা খন্দকার  বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে। 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল বলেন, ঘটনার খবর শুনতে পেয়ে আমি ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে যাই। পরে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দিয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!