সোমবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ১ জানুয়ারি ২০২৩ থেকে পাঁচটি বিষয়ের ওপর শুদ্ধাচার ও সেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতি চার মাস পরপর একজনকে দুই হাজার টাকা আর্থিক পুরস্কার ও বিশ্ববিদ্যালয় কর্তৃক সার্টিফিকেট প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। যার প্রেক্ষিতে পরিবহন অফিসের সিনিয়র বাস কন্ডাক্টর আব্দুল জব্বারকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
.png)
সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার ও সেবা প্রদান, আর্থিক ব্যবস্থাপনা দূর করে অর্থের অপচয় রোধ, ভাড়া আদায় করে তা সঠিকভাবে অফিসে জমা দিয়েছে এবং পরিবহন অফিস বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা দেয়ায় তাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
এ বিষয়ে পরিবহন অফিসের সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান বলেন, কর্মচারীদের কাজের প্রতি মনোযোগী ও দায়িত্বশীল করার লক্ষ্যে আমি দায়িত্ব গ্রহণের পর সৎ ও ভালো কর্মচারীদের পুরস্কৃত করার উদ্যোগ গ্রহণ করি। বাস কন্ডাকটর আব্দুল জব্বারের আচার-আচরণ যথেষ্ট ভালো। সে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছে। সেজন্য তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ভবিষ্যতেও পুরস্কৃত করার এ ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস সূত্রে জানা যায়, সকাল পৌনে সাতটায় ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কমিউনিটি বাস ভাড়া জনপ্রতি ৫০ টাকা। আদায়কৃত এ ভাড়া বাবদ অন্যান্য কর্মচারীরা মাসে ১০ থেকে ১২ হাজার টাকা অফিসে জমা দিতেন। কিন্তু সেখানে বাস কন্ডাকটর জব্বার পরিবহন অফিসে মাসে ৪২ হাজার থেকে ৪৭ হাজার টাকা পর্যন্ত বাস ভাড়া জমা দিয়েছেন।
পুরস্কারপ্রাপ্ত জাবি বাস কন্ডাকটর আব্দুল জব্বার বলেন, গত ২৭ বছর ধরে আমি পরিবহন অফিসে সততার ও আন্তরিকতার সঙ্গে কাজ করছি। পরিবহন একটি সেবামূলক কাজ। আমি ক্যাম্পাসের মানুষের সেবায় নিয়োজিত। বাকি জীবনটাও এভাবে কাটাতে চাই।