রোববার সকাল ১০টা থেকে শুরু হয়েছে পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। কয়েক বছর পর এবার আবারো তিন ঘণ্টাব্যাপি পরীক্ষা হচ্ছে। এদিকে পরীক্ষা উপলক্ষে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিরাপত্তা ও পরীক্ষার স্বার্থে আধা ঘণ্টা আগেই অর্থাৎ সকাল সাড়ে ৯টায় পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হয়। এ সময় প্রবেশপত্র ও রেজিস্ট্রেশনের কাগজ দেখে দেখে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়।
.png)
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম জানান, এ বছর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় বসছে ২ লাখ ৫ হাজার ৮০২ জন পরীক্ষার্থী। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন। অর্থাৎ এই বছর রাজশাহী শিক্ষা বোর্ডে ৯ হাজার ২০২ জন পরীক্ষার্থী বেড়েছে।
আজ অংশ নেয়া মোট এসএসসি পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৬২ হাজার ২২৩ জন ছাত্র এবং ৯৯ হাজার ৫৭৯ জন ছাত্রী রয়েছে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯১ হাজার ৫৫৭ জন। মানবিক বিভাগ থেকে এক লাখ ৭ হাজার ৮৩৫ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৪১০ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এই শিক্ষা বোর্ডের অধীনে রাজশাহী বিভাগের আট জেলা থেকে মোট ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। আর বোর্ডের অধীন সর্বমোট ২৬৫টি কেন্দ্রে ২ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলার ৫৩টি কেন্দ্রে ৫০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক হুমায়ূন কবীর জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই পরীক্ষা চলছে। কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় এর আশপাশে দায়িত্ব পালন করছে পুলিশ। শান্তিপূর্ণ পরিবেশেই রাজশাহী বোর্ডের সকল কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলছে।