আসন্ন বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে আগামী ১ বৈশাখ (১৪ এপ্রিল- শুক্রবার) দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকাশনা উৎসবসহ নানা আয়োজন। শোভাযাত্রার নেতৃত্ব দিবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

.png)
এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য বিষয় ‘শান্তি ও সম্প্রীতি’। যা সকাল সাড়ে ৯টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া পার্ক হয়ে ফের ক্যাম্পাসে ফিরবে।
শোভাযাত্রায় শান্তির প্রতীক হিসেবে কবুতরের প্রতিকৃতি তুলে ধরা হবে। এছাড়াও বড় আকারের লক্ষীপ্যাঁচা, ফুল, মৌমাছি ছাড়াও বাঘের মুখোশ স্থান পাবে।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিল্ডিংয়ে প্রতিটি দেয়ালে দেয়ালে বাংলার ঐতিহ্য বিষয়ক ছবি আঁকতে ব্যস্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা।
কর্মসূচি অনুযায়ী মঙ্গল শোভাযাত্রা শেষে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে সংগীত বিভাগের পরিবেশনায় নৃত্য ও দলীয় সংগীত, লোক সংগীত। এছাড়াও এদিন নাট্যকলা বিভাগের আয়োজনে নাটক মঞ্চায়ন হবে।