ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বঙ্গবাজারে আগুন: সেবায় নেমেছেন ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:২০, ৪ এপ্রিল ২০২৩
বঙ্গবাজারে আগুন: সেবায় নেমেছেন ঢাবি শিক্ষার্থীরা
স্বেচ্ছাসেবক হিসেবে কাজে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য। এ সময় স্বেচ্ছাসেবক হিসেবে কাজে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী।

মঙ্গলবার (৪ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল, কবি সুফিয়া কামাল হলের বেশিভাগ শিক্ষার্থীই ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কাজ করছেন।

তারা উপস্থিত উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া, ঝুঁকিপূর্ণ জায়গায় না যেতে সাবধান করার কাজটি করছেন। এছাড়া কেউ কেউ ব্যবসায়ীদের মালপত্র সরাতেও সহযোগিতা করছেন। আশেপাশের ভবন থেকে বেড়িয়ে আসা বৃদ্ধ ও শিশুদের নিরাপদ স্থানে পৌঁছে দিতে কাজ করছেন। শিশুদের কোলে করে দূরে পৌঁছে দেওয়া, অসহায়দের ব্যাগ-পত্র বহনের কাজও করছেন তারা। 

Advertisement

ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থী জানান, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এনক্সকো ভবনসহ কয়েকটি ভবন বেশি ঝুঁকিপূর্ণ সেসব জায়গায় যাতে কেউ না যান সেদিকে খেয়াল রাখছি। আমরা যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করছি।

কবি সুফিয়া কামাল হলেরে একাধিক শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগীদের সহযোগিতা করার চেষ্টা করছেন তারা। এছাড়া ভবনগুলো থেকে বেড়িয়ে আসা নারীদের মালপত্র সরাতে সহযোগিতার চেষ্টা করেছি। বিভিন্ন হল থেকে আরো বেশি শিক্ষার্থী আসলে অনেক মানুষকে সহযোগিতা করা যেত। 

এদিকে আগুন নিয়ন্ত্রণে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুর থেকে ১০টি পাইপ লাগিয়ে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। এখন পুকুরের পানিও প্রায় শেষদিকে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!