ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

র‍্যাগিংয়ে জড়িতদের ছাড় দেওয়া হবে না- ববি উপাচার্য

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ২২ মার্চ ২০২৩
র‍্যাগিংয়ে জড়িতদের ছাড় দেওয়া হবে না- ববি উপাচার্য
র‍্যাগিং বিরোধী সচেতনতা ও কাউন্সিলিং’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা। ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র‍্যাগিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কোনো শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার হলে, তাৎক্ষণিকভাবে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করতে হবে। র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা জিরো টলারেন্স বলে জানিয়েছেন ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

বুধবার (২২ মার্চ) বেলা ১১টায় ববির জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের আয়োজনে ‘র‍্যাগিং বিরোধী সচেতনতা ও কাউন্সিলিং’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, কাউন্সিলিং এবং মোটিভেশন যে কোনো মানসিক চাপকে কমিয়ে দিতে সাহায্য করে। কাউন্সিলিং এবং মোটিভেশনের মাধ্যমে শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট রয়েছে। 

Advertisement

এ সময় উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়কে র‍্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীসহ সহযোগিতা কামনা করেন।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের সেকশন অফিসার সাইফা আলমের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক ড. তারেক মাহমুদ আবীর।

কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক তানজীর আহমেদ তুষার। ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিস কর্তৃক আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের ১০০ শিক্ষার্থী অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!