মঙ্গলবার (২১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন প্রোগ্রামের ফোকাল পয়েন্ট ও সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী।
তিনি বলেন, ২২ মার্চ আইসিটি মন্ত্রণালয়ের স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেইম অ্যান্ড অ্যাপস প্রজেক্টের আওতায় শাবিপ্রবিতে মোবাইল অ্যাপ, গেইম ও জব ফেস্টিভাল অনুষ্ঠিত হবে। মূলত তরুণ প্রজন্মকে মোবাইল অ্যাপ তৈরির পাশাপাশি গেইম সেক্টরের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবন সৃষ্টি করতে উৎসাহ দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
.png)
তিনি আরো বলেন, দিনব্যাপী এ প্রোগ্রামে মোবাইল অ্যাপ/গেইম প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের করিডোরে আয়োজিত জব ফেস্টিভালে ঢাকা থেকে ২০টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করবে। এতে শিক্ষার্থীরা তাদের সিভি ড্রপ ও ইন্টারভিউ প্রদানের মাধ্যমে এসব কোম্পানিতে পার্ট টাইম ও ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আইসিটি ডিভিশনের সচিব মো. শামসুল আরেফিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং গেস্ট অব অনার হিসেবে নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক কাজী আজিজুল, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জহিরুল হক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদ উল্লাহ তালুকদার, শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইসিটি ডিভিশনের স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেইম অ্যান্ড অ্যাপস প্রজেক্টের পরিচালক মো. আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রজেক্ট ইনিশিয়েটিভস, মুজিব ভাইয়ের ট্রেইলর, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণ, আমাদের ছোট রাসেল সোনার ট্রেইলর, মুজিব আমার পিতা, হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ ভিডিও স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রদর্শন করা হবে।