ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন করবেন যেভাবে

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন করবেন যেভাবে
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে’ ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। ঐদিন রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে আবেদন গ্রহণ। আবেদন ফি জমা দেওয়া যাবে ২০ মার্চ পর্যন্ত। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ ও ফি জমা দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ভর্তি কার্যক্রম উদ্বোধন করা হয়। 

আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রমের উদ্বোধনের পর থেকে ইন্টারনেটের সুবিধাসংবলিত কম্পিউটার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন ও ফি প্রদান করা যাবে। 

Advertisement

আবেদন করতে ওয়েবসাইটে গিয়ে প্রথমে শিক্ষার্থীরা তাদের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও মাধ্যমিকের (এসএসসি) তথ্য পূরণ করবেন। পরে শিক্ষার্থীদের বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর এবং মা-বাবার জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে।  

প্রাথমিক এই তথ্যগুলো পূরণের পর নিজের সুবিধা অনুযায়ী আট বিভাগীয় শহরের যেকোনো একটিকে শিক্ষার্থী তার ভর্তি পরীক্ষা কেন্দ্র হিসেবে বেছে নেয়ার অপশন পূরণ করবে। পরে শিক্ষার্থীরা তাদের স্ক্যান করা একটি ছবি আপলোড করবে। স্ক্যান করা ছবিটি (Format: jpg, Size: 30–200KB, Width: 360-540px, Height: 540-720px) এই ফরম্যাটের হতে হবে। 

ছবি দেয়ার পর আবেদনকারী শিক্ষার্থীকে তার যেকোনো অপারেটরের (টেলিটক, রবি, এয়ারটেল অথবা বাংলালিংক) একটি মোবাইল নম্বর দিতে হবে। যেখানে জরুরি প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসএমএস করতে পারে। এই বিষয়গুলো পূরণ করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তির আবেদন ফি তাৎক্ষণিক অনলাইনে (ডেবিট অথবা ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং) এবং চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) মাধ্যমে ফি পরিশোধ করতে পারবে। 

তবে আবেদনের ক্ষেত্রে এ-লেভেল, ও-লেভেল, সমমান বিদেশি পাঠ্যক্রমে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতা নিরূপণের জন্য admission.eis.du.ac.bd ওয়েবসাইটে গিয়ে ‘সমমান আবেদন’ বা Equivalence Application অপশন বা মেন্যুতে গিয়ে আবেদন করে তাৎক্ষণিকভাবে অনলাইনে নির্ধারিত ফি জমা দিতে হবে। সমতা নিরূপণের পর প্রাপ্ত Equivalence ID ব্যবহার করে অন্যান্য শিক্ষার্থীদের মতো তারা একই ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। 

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৪টি ইউনিটের মাধ্যমে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে- ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’। 

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আবেদন কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!