সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টায় দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’ এর সামনে থেকে একটি আনন্দর্যালি বের হয়। পরে ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ ঘুরে অর্জুনতলায় এসে কেক কাটেন স্বেচ্ছাসেবীরা।
কেক কাটা অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন উপস্থিত ছিলেন।
.png)
এ সময় তিনি বলেন, শুরু থেকেই কিনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসায় কিনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবগত আছি। পাঁচটি উইং নিয়ে সফলতার সঙ্গে কাজ করে আসছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এ ২০বছরের যাত্রায় অনেক মানবসেবামূলক কাজে সহযোগিতা করেছেন তারা। বিশেষ করে নিরক্ষরতা দূরীকরণে কিন স্কুলের শিক্ষার্থীদের জীবনে আশার প্রদীপ জ্বালাতে অবিরাম পরিশ্রম করে আসছেন স্বেচ্ছাসেবীরা। তাদের অগ্রযাত্রা আরো সুন্দর হোক এই কামনা করি।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিকাল ৩টায় শাহজালাল ইউনিভার্সিটি স্কুলে কিন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করেন তারা। প্রতিযোগিতা শেষে কিন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
প্রসঙ্গত, ‘আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত’ এই মূলমন্ত্রকে অন্তরে ধারণ করে ২০০৩ সালের ৩০ জানুয়ারি শাবিপ্রবির একদল তরুণ শিক্ষার্থীদের হাত ধরে শুরু হয় ‘কিন’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের পথচলা।