রোববার সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মো. সাঈদুর রহমান।
ডা. মো. সাঈদুর রহমান বলেন, অধ্যাপক ড. মোস্তফা আলী হৃদরোগে আক্রান্ত ছিলেন। এর আগে, তার দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল। আজ সকালে বুকে ব্যাথাজনিত কারণে হেলথ কেয়ারে আসেন। অবস্থা গুরুতর হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
.png)
বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের প্রধান ড. মরিয়ম বলেন, রোববার সকালে অধ্যাপক ড. মোস্তফা আলী রেজা হোসেন অসুস্থতার কারণে চিকিৎসা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে যান। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই তার এ আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক ড. মোস্তফা আলী রেজা হোসেন ১৯৮৮ সালে বাকৃবি থেকে স্নাতক, ১৯৯৫ সালে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব স্টার্লিং থেকে স্নাতকোত্তর, ১৯৯৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও ২০০০ সালে জাপান থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। বাকৃবির মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগে দীর্ঘদিন ধরে অধ্যাপনা করছিলেন তিনি।