ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

চবির দুই ইউনিটে ২৭৬ শিক্ষার্থীর ফলাফল সংশোধনের সিদ্ধান্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪১, ২৪ আগস্ট ২০২২
চবির দুই ইউনিটে ২৭৬ শিক্ষার্থীর ফলাফল সংশোধনের সিদ্ধান্ত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের এ এবং সি ইউনিটের পাশকৃত যশোর শিক্ষাবোর্ডের ২৭৬ জন ভর্তিচ্ছুর ফলাফল সংশোধনের সিদ্ধান্ত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) ভর্তি পরীক্ষার কোর কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। 

কোর কমিটির সভায় উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, ডিনবৃন্দ ও আইসিটি সেলের পরিচালক।

জানা যায়, ফলাফল প্রকাশ হওয়ার দুদিন পর যশোর বোর্ডের ‘এ’ ইউনিটের এক ছাত্র জিপিএ নম্বর যুক্ত না হওয়ার বিষয়টি নিয়ে অভিযোগ করেন। অভিযোগটি আমলে নিয়ে কাজ শুরু করে আইসিটি সেল। পরে দেখা যায় শুধুমাত্র ওই শিক্ষার্থীরই নয়, পুরো যশোর বোর্ডের অধীনে থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে এমন অ্যারোর দেখা গিয়েছে। দুটি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে ২২৫ জন ও ‘সি’ ইউনিটে ৫১ জনের মতো ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে এমনটা হয়েছে।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, আমরা এইচএসসি ও এসএসসি’র জিপিএর ডাটা কিনে নিই টেলিটক অপারেটরের কাছ থেকে। অন্যসব বোর্ডের ডাটাগুলো ঠিক থাকলেও যশোর বোর্ডের এসএসসির জিপিএর তিন ডিজিটের মধ্যে শেষ ডিজিটটা বাদ পড়েছে। অর্থাৎ ৪ দশমিক ২৫ এর মধ্যে শেষে ডিজিট ‘৫’ বাদ পড়েছে। এ ভুলটা আমাদের চোখে পড়েনি। যশোর বোর্ডের শিক্ষার্থীরাও এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি আগে।  

অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, বিষয়টি উপাচার্য এবং ভর্তি কমিটিকে জানিয়েছি আমরা। ‘এ’ ইউনিটে ২২৫ জন এবং ‘সি’ ইউনিটে ৫১ জন ভর্তি পরীক্ষার্থীর ফলাফলের ক্ষেত্রে এ সমস্যা হয়েছে। ভর্তি কমিটির অনুমতি পেলে প্রকাশিত ফলাফল সংশোধন করা হবে। যদিও সংশোধিত ফলাফলে মেধা তালিকায় খুব সামান্য পরিবর্তন হবে। এই ২৭৬ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ২৮ জনের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। বাকিরা মেধা তালিকায় অনেক পিছিয়ে। তবে শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না। যান্ত্রিক সমস্যার সমাধান হয়েছে। সংশোধিত ফলাফল প্রস্তুত রয়েছে। ভর্তি কমিটির অনুমোদন পেলে ফলাফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, এর আগে গত ২০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।  এর মধ্যে ‘এ’ ইউনিটে পাস করেছেন ১৩ হাজার ৫৬৯ জন। ফেল করেছে ১৯ হাজার ৫৮০ শিক্ষার্থী।

‘সি’ ইউনিটে পাস করেছেন ২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ হাজার ২২২ জন। ফেল করেছেন ৬ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!