ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কুবি প্রশাসনের ৮ পদক্ষেপ

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ২৭ জুলাই ২০২২
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কুবি প্রশাসনের ৮ পদক্ষেপ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস, প্রশাসনিক, একাডেমিক ভবন এবং হলসমূহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখা, হলে হিটার ব্যবহার বন্ধসহ আট পদক্ষেপ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এসব পদক্ষেপ নেয়ার কথা জানান উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন।

বুধবার (২৭ জুলাই) ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৭২তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ সাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে সরকারি সিদ্ধান্ত মোতাবেক আটটি পদক্ষেপ নেওয়া হয়েছে। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেওয়া আটটি পদক্ষেপের মধ্যে রয়েছে,

১ আগামী পহেলা আগস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে বুধবার সশরীরে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শুধুমাত্র সপ্তাহের বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে।

২ নিজস্ব এবং ভাড়াকৃত যানবাহনসমূহের ব্যবহার সীমিত করতে হবে। 

৩ প্রশাসনিক, একাডেমিক ভবন এবং হলসমূহের কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখতে হবে।

৪ লাইট-ফ্যান সীমিতভাবে ব্যবহার করতে হবে। 

৫ আবাসিক হলসমূহে অবশ্যই হিটার ব্যবহার বন্ধ করতে হবে।

৬ সরকারি সিদ্ধান্ত মোতাবেক আপ্যায়ন খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করতে হবে।

৭ বিভিন্ন কমিটির সভাসমূহ অনলাইনে আয়োজন করতে হবে।

৮ প্রতিমাসে বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় মনিটর করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, আমরা সরকারি ব্যয়ে কৃচ্ছসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ের জন্য অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপগুলো নিয়েছি। সিদ্ধান্তগুলো বাস্তবায়ন সঠিকভাবে হচ্ছে কি-না আমরা সেদিকে নজর রাখব।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!