রাবিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন অ্যাকাডেমিক ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছেন।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত সাগর (২২) নেত্রকোনা জেলার আদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, ওয়েল্ডিংয়ের কাজ করার সময় দুপুর বারোটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী শ্রমিক নুরুল ইসলাম জানায়, বিদ্যুতের একটি তার মাটিতে ফেলানো ছিলো। এ সময় সাগর নামের ঐ শ্রমিক নির্মাণকাজে ব্যবহৃত একটি লোহার রড নিয়ে যেতে ধরলে তারটি ছিঁড়ে রডের সঙ্গে লেগে যায় এবং সে তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে এবং রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এখন জানতে পারি সাগর মারা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এটি একটি দুর্ঘটনা। আমাকে দেরিতে বিষয়টি জানানো হয়। এখানকার উপ-পরিচালককে এরইমধ্যে ঘটনাটি কিভাবে ঘটলো তার জবাবদিহিতার জন্য বলা হয়েছে।