ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাজেট পাসের দিন পুঁজিবাজারে বড় দরপতন

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৯, ৩০ জুন ২০২৪
বাজেট পাসের দিন পুঁজিবাজারে বড় দরপতন
ছবি: সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পাস হচ্ছে আজ (৩০ জুন)। এ বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপের পরিপ্রেক্ষিতে টানা দরপতন দেখা যায় দেশের পুঁজিবাজারে। তবে এরপর ঊর্ধ্বমুখী ধারায় ফিরতে শুরু করে পুঁজিবাজার। তবে বাজেট পাসের দিন লেনদেনের শুরুতেই পুঁজিবাজারে বড় দরপতন ও লেনদেনে ধীরগতি দিয়েছে।

রোববার প্রথম আধাঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক কমেছে ৫৪ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৭০ কোটি টাকার কিছু বেশি। দাম কমার তালিকায় নাম লিখিয়েছে আড়াইশোর বেশি প্রতিষ্ঠান।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। ফলে মূল্য সূচকও ঋণাত্মক অবস্থায় রয়েছে। সেই সঙ্গে এ বাজারটিতেও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।

Advertisement

এদিন পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার মাধ্যমে। এতে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ঋণাত্মক হয়ে পড়ে। লেনদেনের প্রথম আধাঘণ্টাজুড়েই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার প্রবণতা অব্যাহত থাকে। এমনকি লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঋণাত্মক প্রবণতা বাড়ে। এতে আধাঘণ্টার মাথায় ডিএসইর প্রধান সূচক ৫৪ পয়েন্ট কমে যায়।

তবে এরপর কিছু প্রতিষ্ঠান দাম কমার তালিকা থেকে দাম বাড়ার তালিকায় চলে এসেছে। এতে সূচকের ঋণাত্মক প্রবণতা কমতে দেখা যাচ্ছে। সকাল ১০টা ৪৪ মিনিটে ডিএসইতে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ২৭৩টির। আর ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

ফলে ডিএসইর প্রধান সূচক কমেছে ৩৩ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমেছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট কমেছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৯৯ কোটি ৪৫ লাখ টাকা।

অপরদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৯৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৬৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!